শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী এবং ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সী নাগরিকদের জন্য দূরপাল্লার ট্রেন ও মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রেল পরিবহন ব্যবস্থাপনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলমন্ত্রী জানান, এই বিশেষ সুবিধা চালুর বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আগামী ঈদুল ফিতরের আগেই এটি চালুর চেষ্টা থাকলেও কারিগরি কারণে কিছুটা সময় লাগতে পারে। তবে ঈদুল আযহার আগেই এই ছাড় কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভাড়ায় এই ছাড় পেতে হলে নির্দিষ্ট পরিচয়পত্র দেখাতে হবে। মন্ত্রী জানান, শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক আইডি কার্ড, বয়স্করা জাতীয় পরিচয়পত্র এবং প্রতিবন্ধীরা সমাজসেবা মন্ত্রণালয় থেকে দেওয়া ‘ডিজঅ্যাবিলিটি কার্ড’ প্রদর্শন করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
রেলওয়ের সার্বিক সেবার মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সরকার রেল ব্যবস্থাকে আরও জনবান্ধব ও মানসম্মত করতে চায়। যাতায়াতের সময় কমিয়ে আনা এবং যাত্রীসেবা নিশ্চিত করতে বেশ কিছু বিদ্যমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন কিছু প্রকল্পও হাতে নেওয়া হচ্ছে।”
আসন্ন ঈদুল ফিতরের প্রস্তুতি সম্পর্কে শেখ রবিউল আলম জানান, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং শিডিউল বিপর্যয় রোধ করতে ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। পর্যাপ্ত ইঞ্জিনের সরবরাহ নিশ্চিত করতে পারলে এবার কোনো ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments