তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই বিন্যাসে বেশ কয়েকজন প্রতিমন্ত্রীর দায়িত্ব কমিয়ে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টনের তালিকা নিচে দেওয়া হলো:
১. মো. শরীফুল আলম: আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন থেকে তিনি শুধুমাত্র বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
২. সুলতান সালাউদ্দিন টুকু: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই প্রতিমন্ত্রীকে এখন থেকে শুধুমাত্র মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
৩. হাবিবুর রশিদ: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাকে এখন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
৪. মো. রাজিব আহসান: তিনিও সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাকে এখন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
৫. মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি: অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জোনায়েদ সাকি এখন থেকে শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
৬. ফারজানা শারমীন: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাকে এখন শুধুমাত্র সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
৭. মো. নুরুল হক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই প্রতিমন্ত্রীকে এখন থেকে শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
৮. ববি হাজ্জাজ: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজ এখন থেকে শুধুমাত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সরকারি কাজে গতিশীলতা আনতেই এই দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments