আসন্ন ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের ছুটি একদিন বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হতে পারে। এই প্রস্তাব কার্যকর হলে সরকারি চাকরিজীবীরা আগামী ১৬ মার্চ শেষ অফিস করেই ঈদের দীর্ঘ ছুটিতে যাওয়ার সুযোগ পাবেন।
সরকারি ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৯, ২০, ২১, ২২ ও ২৩ মার্চ পর্যন্ত সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের সরকারি ছুটি। মাঝখানে ১৮ মার্চ (বুধবার) অফিস খোলা থাকায় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ওইদিনটিও নির্বাহী আদেশে ছুটির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণার একটি প্রস্তাব তৈরি করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই প্রস্তাবটি উত্থাপন করা হতে পারে এবং সেখানে এটি অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
যদি মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদিত হয়, তবে ১৬ মার্চ (সোমবার) হবে ঈদের আগে সরকারি কর্মকর্তাদের শেষ কর্মদিবস। এর ফলে টানা ৮ দিনের একটি বড় ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। যাতায়াত ব্যবস্থা সহজ করতে এবং যানজট নিরসনে প্রতি বছরই সরকার বিশেষ প্রয়োজনে এ ধরনের নির্বাহী আদেশ দিয়ে থাকে।
মানবকণ্ঠ/আরআই




Comments