Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধরের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশ থেকে মব বা গণপিটুনির সংস্কৃতি চিরতরে বন্ধ করা হবে। বাংলাদেশে মব জাস্টিসকে আর কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না।’ এ সময় পাভেলের ওপর হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এটি কোনো মব নয়, বরং একটি বিচ্ছিন্ন ঘটনা।’

উল্লেখ্য, সোমবার ভোরে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শাহবাগ থানার সামনে ফেলে রেখে যায় হামলাকারীরা।

অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারা দেশে যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে। কোনো অপরাধী বা সন্ত্রাসীকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।’

এছাড়া, হাদি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে জোর তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

মানবকণ্ঠ/আরআই