মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে দেশে জ্বালানি তেলের সংকট নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা নিরসনে সুখবর দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সোমবার (৯ মার্চ) সকালে জ্বালানি তেলবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এবং আজ রাতেই আরও একটি জাহাজ বন্দরে ভিড়বে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
গত কয়েকদিন ধরে তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং কিছু স্থানে 'তেল নেই' বলে কৃত্রিম সংকট তৈরির খবরের মাঝে এই তথ্য সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। জ্বালানি মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জাহাজ পৌঁছানোর দৃশ্য শেয়ার করেছে। ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, "আজ সকালে জ্বালানিসহ একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ রাতে আরো একটি জাহাজ আসবে ইনশাআল্লাহ।"
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তেল ব্যবহারে রেশনিং চালু রাখা হলেও দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সাধারণ গ্রাহকদের আতঙ্কিত হয়ে পাম্পে অতিরিক্ত ভিড় না করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নতুন এই সরবরাহ বাজারে আসার পর পাম্পগুলোতে তৈরি হওয়া চাপ কমে যাবে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের অপতৎপরতা বন্ধ হবে। সরকারের কড়া নজরদারিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments