জ্বালানি সংকট মোকাবিলায় চীনসহ বিভিন্ন দেশের সহায়তা চেয়েছে সরকার: অর্থমন্ত্রী
ইরান যুদ্ধের প্রভাবে উদ্ভূত বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় চীনসহ বেশ কয়েকটি দেশের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, "বর্তমান যুদ্ধ ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই আমাদের অর্থনীতির আগামী দিনের পরিকল্পনা সাজানো হচ্ছে। জ্বালানি নিরাপত্তা আমাদের জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য চীনসহ বিশ্বের অন্যান্য যেসব দেশের কাছে জ্বালানি তেল ও গ্যাসের বড় সরবরাহ রয়েছে, আমরা সবার কাছেই সহায়তা চেয়েছি এবং তাদের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলছি।"
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, "যুদ্ধের কারণে আগামীতে পরিস্থিতির ওপর ভিত্তি করে আমরা নতুন অর্থনৈতিক প্রজেকশন (পূর্বাভাস) নিয়ে আসব। সরকারের প্রতিটি সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে যাতে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন না ঘটে।"
উল্লেখ্য, সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতের প্রণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কাছ থেকে জ্বালানি সহায়তা নিশ্চিত করাই সরকারের বর্তমান লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী।
মানবকণ্ঠ/ডিআর




Comments