Image description

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির প্রভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমান চলাচল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ১০ মার্চ পর্যন্ত মাত্র ১১ দিনে ঢাকা থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৩৬৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। আজ এক দিনেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বেবিচক জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। বর্তমান সময় পর্যন্ত এসব দেশের আকাশপথ বন্ধ থাকায় এবং আকাশপথে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এয়ারলাইনসগুলো তাদের নিয়মিত ফ্লাইট পরিচালনা করতে পারছে না।

বিমানবন্দর কর্তৃপক্ষের সরবরাহকৃত তথ্যানুযায়ী, গত ১১ দিনে ফ্লাইট বাতিলের চিত্রটি নিম্নরূপ:

২৮ ফেব্রুয়ারি: ২৩টি

১ মার্চ: ৪০টি

২ মার্চ: ৪৬টি (সর্বোচ্চ)

৩ মার্চ: ৩৯টি

৪ মার্চ: ২৮টি

৫ মার্চ: ৩৬টি

৬ মার্চ: ৩৪টি

৭ মার্চ: ২৮টি

৮ মার্চ: ২৮টি

৯ মার্চ: ৩৩টি

১০ মার্চ: ৩২টি

এই নজিরবিহীন ফ্লাইট বাতিলের ফলে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক রুটের যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের এই অনিশ্চয়তা কাটছে না বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এয়ারলাইনসগুলোও বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই