Image description

জুলাই গণ-অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হূদয়বিদারক মুহূর্তের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ এবার রাষ্ট্রীয় সম্মানের দোরগোড়ায়। রাজধানীর ফার্মগেটে গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালে নেওয়ার প্রাণান্ত চেষ্টা চালিয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই নূর মোহাম্মদ আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকার বিরল আমন্ত্রণ পেয়েছেন।

বুধবার (১১ মার্চ) নূর মোহাম্মদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার জন্য তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে তিনি সংসদ ভবন থেকে তার আমন্ত্রণপত্রও সংগ্রহ করেছেন। এই প্রাপ্তিকে নিজের জীবনের ‘সবচেয়ে বড় পাওয়া’ হিসেবে অভিহিত করেন তিনি।

২০২৪ সালের ৪ আগস্ট, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার উত্তাল মিছিলে প্রকম্পিত ছিল রাজপথ। বিকেল সাড়ে চারটার দিকে ফার্মগেটের পদচারী-সেতুর নিচে গুলিবিদ্ধ হন ১৭ বছর বয়সী মেধাবী ছাত্র গোলাম নাফিজ। রক্তাক্ত নাফিজকে যখন পুলিশ একটি রিকশায় তুলে দেয়, তখন চালক নূর মোহাম্মদ তাকে নিয়ে জীবন বাঁচাতে দৌড় শুরু করেন। পথে রাজনৈতিক বাধার মুখে পড়লেও তিনি দমে যাননি। রিকশার পাদানিতে ঝুলন্ত অবস্থায় নাফিজের সেই স্থিরচিত্রটি তুলেছিলেন ফটোসাংবাদিক জীবন আহমেদ, যা পরে বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়ায়।

পত্রিকার পাতায় প্রকাশিত সেই ছবির মাধ্যমেই নাফিজের বাবা-মা মর্গে তাদের সন্তানের নিথর দেহের খোঁজ পেয়েছিলেন। ছবির পেছনে থাকা একটি মোবাইল নম্বর সূত্র ধরে পরে তারা নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করেন। নূর মোহাম্মদ সেদিন নাফিজকে বাঁচাতে খামারবাড়ি এলাকায় গিয়ে একটি অটোরিকশায় তুলে দিয়েছিলেন, যদিও শেষ রক্ষা হয়নি।

নূর মোহাম্মদের সেই ঐতিহাসিক রিকশাটি এখন আর রাস্তায় চলে না। গত ৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রিকশাটি হস্তান্তর করা হয়। এক হৃদয়বান ব্যবসায়ী ৩৫ হাজার টাকায় রিকশাটি কিনে জাদুঘরের জন্য উপহার হিসেবে দিয়েছিলেন।

বিপ্লবের মাঠ থেকে সরাসরি জাতীয় সংসদের গ্যালারিতে নূর মোহাম্মদের এই উপস্থিতি জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষের ত্যাগের প্রতি রাষ্ট্রের এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

মানবকণ্ঠ/আরআই