চট্টগ্রামের হাটহাজারীতে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দিনগত রাতে পৌরসভার পশ্চিম ফটিকা এলাকার ৫ নম্বর ওয়ার্ডস্থ মা ম্যানশন নামক একটি বাসা থেকে মুন্নি আক্তার (১৭) নামের কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার এসআই মো. নাজমুল হাসান।
মুন্নি আক্তার উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. বাহাদুরের কন্যা। তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার পশ্চিম ফটিকা এলাকার মা ম্যানশন নামের একটি ভাড়া বাসায় তার পরিবারের সঙ্গে থাকতেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মুন্নি তার শয়নকক্ষে প্রবেশের পর দীর্ঘক্ষণ অতিবাহিত হয়। অনেক ডাকাডাকিতেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পরিবারের সদস্য ও স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুন্নির মরদেহ উদ্ধার করা হয়।
কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি নিহতের পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




Comments