Image description

সড়ক ও সেতু, রেল এবং নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গণপরিবহনের জন্য ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এমনকি তেলের দামও বাড়ানো হবে না।

শুক্রবার (১৩ মার্চ) ঈদযাত্রা উপলক্ষে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, জ্বালানিমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে তেলের দাম বাড়ানো হবে না। ফলে গণপরিবহনের ভাড়া বাড়ারও কোনো আশঙ্কা নেই।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিটের বিষয়ে রবিউল আলম বলেন, ৩ তারিখ থেকে ধারাবাহিকভাবে অগ্রিম টিকিট বিক্রি শুরু করা হয় এবং যাত্রীরা অনলাইনে টিকিট কিনেছেন। প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেছেন। তবে রেলের সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে।

তিনি জানান, একটি টিকিট বুক করার পর পেমেন্টের জন্য পাঁচ থেকে সর্বোচ্চ ১৫ মিনিট সময় দেওয়া হয়। এ কারণে অনেক সময় টিকিট বুক হয়ে থাকায় অন্যদের অপেক্ষায় থাকতে হয়েছে।

রেলমন্ত্রী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলে অতিরিক্ত কোচ ও বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রায় ১২৪টি কোচ যুক্ত করা হয়েছে। মিটারগেজে আরও প্রায় ১৪টি কোচ এবং ব্রডগেজ লাইনে প্রায় পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়েছে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ে পুলিশ ছাড়াও নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ ও বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে।

ঈদযাত্রার সময় কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা সাময়িক বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। যাত্রীদের কাছে অনুরোধ থাকবে— সংকটের সময় কিছুটা ধৈর্য ও সহযোগিতা প্রয়োজন।