Image description

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া চলছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে দলটির প্রেস উইংয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিএনপি প্রেস উইংয়ের এক সদস্য জানান, মির্জা আব্বাসের সাম্প্রতিক সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক এসেছে। তবে অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার (Technical Support) সীমাবদ্ধতা থাকায় চিকিৎসকরা তাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমানে তাকে উন্নত পর্যবেক্ষণে রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে পরিবার ও দলের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। ওই রাতেই তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার বিবেচনায় শুক্রবার তার একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর