Image description

বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় স্বপ্না আক্তার (২১) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্বপ্নার বাবা-মায়ের অভিযোগ, স্বপ্নাকে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।

নিহত নববধূ ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রামের হান্নান মোল্লার মেয়ে। 

২৪ দিন আগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগারী গ্রামের শওকত মাতুব্বরের ছেলে খায়ের মাতুব্বরের (২৫) সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতের কোনো একসময় স্বপ্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীর বাড়ির ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহামুদুল হাসান, নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ এবং এসআই রবিউল ইসলাম।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

স্বপ্না আক্তারের মা হালিমা বেগম বলেন, আমার মেয়েকে ওরা হত্যা করেছে। গতকাল রাতে মেয়ের জামাইয়ের মোবাইলে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু ফোন রিসিভ করে নাই। আজ সকালে খবর পাই আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।