Image description

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সর্বোচ্চ আইনসভা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে আগামী ২৯ মার্চ পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

রোববার (১৫ মার্চ) সংসদ অধিবেশনের নির্ধারিত কার্যসূচি শেষে স্পিকার এই ঘোষণা দেন। তিনি বলেন, “সংসদের বৈঠক আগামী ২৯ মার্চ (রোববার) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হলো।” সংসদ পরিচালনায় সহযোগিতা করার জন্য তিনি সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান এবং সবাইকে অগ্রিম ‘ঈদ মোবারক’ জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

আজ রোববার সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এদিন থেকে নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।

গত ১২ মার্চ (বৃহস্পতিবার) জমকালো আয়োজনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু হয়েছিল। এরপর প্রথম দিনের কার্যক্রম শেষে আজ রোববার পর্যন্ত অধিবেশন মুলতবি ছিল। গতকাল শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সংসদের এই চলতি অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। তবে মাঝে পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে ২৯ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধিবেশনে আজ সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত ছিলেন। ঈদের ছুটি শেষে ২৯ মার্চ থেকে পুনরায় রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ও অন্যান্য সংসদীয় কার্যক্রম শুরু হবে।

মানবকণ্ঠ/আরআই