Image description

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের ১২টি সিটি করপোরেশনের সকল পরিচ্ছন্নতাকর্মীর জন্য বিশেষ ঈদ উপহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপহার হিসেবে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মী পাচ্ছেন ৫ হাজার টাকা। রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে এই অনুদানের চেক তুলে দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে রোদ-বৃষ্টি উপেক্ষা করে যারা নিরলস পরিশ্রম করেন, সেই পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানাতেই প্রধানমন্ত্রী এই বিশেষ উদ্যোগ নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই আর্থিক সহায়তা পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। নগর সেবায় নিয়োজিত সকল স্তরের মানুষের কল্যাণে সরকার ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়াও বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকবৃন্দ প্রধানমন্ত্রীর কাছ থেকে নিজ নিজ এলাকার কর্মীদের জন্য এই উপহার গ্রহণ করেন।

সরকারের এই সময়োপযোগী পদক্ষেপের ফলে দেশের হাজার হাজার পরিচ্ছন্নতাকর্মী উপকৃত হবেন। নগর সেবকদের কাজের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর এই উপহারকে একটি মানবিক ও দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/আরআই