বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৃহৎ তিনটি ইউনিট—র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদল ও নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে র্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমান মহাপরিচালকের স্থলাভিষিক্ত হবেন।
অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের আরেক অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা এবং বিশেষায়িত ইউনিটগুলোর গোয়েন্দা ও তদন্ত কার্যক্রমে গতিশীলতা ফেরাতেই সরকারের উচ্চপর্যায় থেকে এই গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পেশাদারিত্ব ও অভিজ্ঞতার আলোকে নিজ নিজ ইউনিটের নেতৃত্বে আমূল পরিবর্তন আনবেন বলে আশা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments