Image description

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রবীণ অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই নিয়োগের তথ্য নিশ্চিত করেন।

একযোগে ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি:

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট সাতটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের ঘোষণা দেন।

নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন—

১. ঢাকা বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. রইস উদ্দিন।

৩. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান।

৪. ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. নুরুল ইসলাম।

৫. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট): অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ।

৬. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অধ্যাপক মো. আল ফোরকান।

৭. রাজশাহী বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতেও অত্যন্ত পরিচিত মুখ। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক সংস্কারে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফেরাতে এবং উচ্চশিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই অভিজ্ঞ এই অধ্যাপকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন উপাচার্যদের নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মানবকণ্ঠ/আরআই