ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা ডুবোচরে (বগার চর) উঠে গেছে। এতে লঞ্চের ভেতর থাকা অন্তত ৮০ জন যাত্রী আটকা পড়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে লক্ষ্মীপুরের মেঘনার মজু চৌধুরীর ঘাটের পূর্ব-দক্ষিণ দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চটি নদীতে নামানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা।
লঞ্চের যাত্রী বিমান চন্দ্র আচার্য জানান, ভোর ৪টার দিকে লঞ্চটি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটের পূর্ব-দক্ষিণের মেঘনা নদী অতিক্রমকালে হঠাৎ প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। এ সময় লঞ্চের মাস্টার ঝোড়ো বাতাসের কারণে লঞ্চের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে লঞ্চটি নদীর ডুবোচরে উঠে পলির সঙ্গে আটকে যায়। লঞ্চ ডুবোচরে আটকে যাওয়ার পর ভেতরে থাকা নারী-শিশুসহ যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে কান্নাকাটি শুরু করেন। তিনি আরো জানান, দুপুরে নদীতে জোয়ার এলেও তা পর্যাপ্ত না হওয়ায় লঞ্চটি নদীতে নামানো সম্ভব হয়নি। ফলে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা সেখানে আটকা পড়েছিলেন।
বিষয়টি হাতিয়ার কোস্ট গার্ডকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে হাতিয়া কোস্ট গার্ডের মিডিয়া বিভাগের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনারের (ভূমি) মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে হাতিয়া উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও পুলিশের সঙ্গে কথা বলেছি। দ্রুত সময়ের মধ্যে তাদের পদক্ষেপ নিতে বলেছি।




Comments