Image description

বিগত ১৭ বছরের দুঃশাসনে গুম, খুন ও পৈশাচিক নির্যাতনের শিকার হওয়া পরিবার এবং চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তিনি এসব ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বিশেষ ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তাঁর এই মানবিক সহায়তা ইতিমধ্যে দেশের প্রতিটি জেলায় পৌঁছানো শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) থেকে সারা দেশে এই অর্থ ও উপহার বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে জানান, রাষ্ট্র পরিচালনার চরম ব্যস্ততার মাঝেও তারেক রহমান তাঁর সেইসব সহযোদ্ধা ও সাধারণ নাগরিকদের কথা ভুলে যাননি যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন কিংবা অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, “২০২৫ সাল থেকেই জুলাই বিপ্লবে শহীদ হওয়া পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করছেন তারেক রহমান। নতুন সরকার গঠনের প্রথম এক মাসে কাজের ব্যাপক চাপ থাকলেও তিনি এসব পরিবারের জন্য উপহার পাঠাতে দেরি করেননি।”

উল্লেখ্য, ২০১৬ সাল থেকেই রমজান ও ঈদ উপলক্ষে নির্যাতিত পরিবারগুলোকে নিয়মিত সহায়তা দিয়ে আসছেন তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’ সেলের মাধ্যমে পরিচালিত এই কার্যক্রমের আওতায় এবার প্রায় ১৯০০টি পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পাচ্ছে। গুম হওয়া ব্যক্তিদের সন্তান ও বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, উপহারের টাকা সরাসরি ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দিতে এবার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে সময়ের সল্পতার কারণে বর্তমানে বিএনপি, এর অঙ্গসংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর বিশেষ টিমের মাধ্যমে প্রতিটি জেলায় সশরীরে এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

তারেক রহমানের এই মানবিক উদ্যোগ তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মী এবং জুলাই বিপ্লবের শহীদ পরিবারের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, ক্ষমতার মসনদে থেকেও এমন দরদী আচরণ তাঁর নেতৃত্বের প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়ে দেবে।

মানবকণ্ঠ/আরআই