Image description

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ঈদযাত্রার শেষ দিনেও রাজধানীর প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই হাজার হাজার যাত্রী তাদের গন্তব্যে পৌঁছাতে স্টেশনে জড়ো হন।

সরেজমিনে দেখা গেছে, শেষ মুহূর্তের বাড়ি ফেরা নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ। অন্যান্য দিনের তুলনায় আজ যাত্রী উপস্থিতি বেশি হলেও এখন পর্যন্ত কোনো ট্রেনের বড় ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি। নির্ধারিত সময়েই প্ল্যাটফর্ম ছাড়ছে ট্রেনগুলো, যা যাত্রীদের মধ্যে স্বস্তি জাগিয়েছে।

চাপ বেশি থাকায় ট্রেনের বগিগুলোতে তিল ধারণের জায়গা নেই। আসনের অতিরিক্ত যাত্রী হয়ে অনেককেই দাঁড়িয়ে যেতে দেখা গেছে। তবে যাত্রীচাপের মধ্যেও স্টেশনে কোনো বিশৃঙ্খলা বা বড় ধরনের ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষের সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে নিরাপদেই ট্রেনে উঠছেন যাত্রীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ মুহূর্তের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তারা সব ধরনের প্রস্তুতি আগে থেকেই নিয়েছিলেন। স্টেশনের প্রবেশ মুখ থেকে শুরু করে প্ল্যাটফর্ম পর্যন্ত সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন রেলওয়ে কর্মী ও বিভিন্ন বাহিনীর সদস্যরা।

যাত্রীরা জানিয়েছেন, ভিড় থাকলেও ট্রেনের সিডিউল ঠিক থাকায় তারা খুশি। ঝুঁকি ছাড়াই বাড়ি পৌঁছাতে পারবেন বলে আশা করছেন তারা। সব মিলিয়ে, ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর স্টেশনের চিত্র ছিল অনেকটা স্বস্তিদায়ক ও গোছানো।

মানবকণ্ঠ/ডিআর