পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা দক্ষিণাঞ্চলের লঞ্চযাত্রীরা আজ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পারেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই সতর্কবার্তা জানান।
গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, আজ দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা অভিমুখী যাত্রীবাহী নৌযানগুলো শক্তিশালী কালবৈশাখী ঝড়ের মুখে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি এই পূর্বাভাসটি ‘শতভাগ নিশ্চিত’ বলে দাবি করেছেন।
পলাশ তার পোস্টে উল্লেখ করেন, এই ঝড়ের প্রভাবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে এই মুহূর্তে পদ্মা ও মেঘনা নদীতে চলাচলরত নৌযানগুলো প্রচণ্ড ঝুঁকির মধ্যে রয়েছে। জানমালের নিরাপত্তা রক্ষায় সম্ভাব্য সব নৌযানকে দ্রুত কোনো নিরাপদ স্থানে নোঙ্গর করে বিকেল ৫টা পর্যন্ত অর্থাৎ ঝড় শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।
সতর্কবার্তায় আরও বলা হয়, কালবৈশাখী ঝড় একটি স্বল্পস্থায়ী কিন্তু উচ্চঝুঁকিপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। যথাযথ সতর্কতা অবলম্বন করলে নৌ-দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব। ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ঝড়ের আশঙ্কায় নৌ-পথে যাতায়াতকারী যাত্রী ও চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments