Image description

পরিবারের স্বপ্ন পূরলে প্রবাসে পাড়ি দিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় জীবন থেমে গিয়ে শেষ পর্যন্ত কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার মোশাররফ হোসেন।

ঘটনার ১২ দিন পর শুক্রবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে মোশাররফের লাশ আসে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে লাশ নেওয়া হয় গ্রামের বাড়িতে।

প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

নিহত ৪০ বছর বয়সী মোশাররফ হোসেন উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের সুরজত আলীর ছেলে।

‎অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে প্রায় আট বছর আগে প্রবাস জীবন বেছে নিয়েছিলেন মোশাররফ। দেশটির আল খারিজ শহরের পাশে একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন তিনি। গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলায় থেমে যায় মোশাররফের জীবন সংগ্রাম।

ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে বাবা সুরজত আলী ও মা জহুরা বেগম দিশেহারা হয়ে পড়েছেন। মায়ের আহাজারি থামছেই না, বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। স্ত্রী কবরী আক্তার যেন এখনো বিশ্বাস করতে পারছেন না, যার সঙ্গে কিছুদিন আগেও স্বপ্নের কথা বলেছিলেন, সেই মানুষটি আজ নিথর হয়ে শুয়ে আছেন তার সামনে।

ঘটনার আগের রাতেও স্বামীর সঙ্গে কথা হয়েছিল কবরী আক্তারের। তিনি বলেছিলেন, ঈদের আগে টাকা পাঠাব, ছেলেদের জন্য কিছু কিনো। সেই আশ্বাসই এখন পরিণত হয়েছে অসহ্য স্মৃতিতে; যা মনে পড়লেই ভেঙে পড়ছেন তিনি।

দুই শিশু সন্তান মাহিম (নবম শ্রেণি) ও মিহান (প্রথম শ্রেণি) এখনো পুরো বাস্তবতা বুঝে উঠতে পারেনি। ছোট্ট মিহান কখনো বাবার মুখের দিকে তাকিয়ে থাকে, কখনো আশেপাশের কান্না দেখে বিস্মিত হয়, হয়ত বাবা একটু পরেই উঠে দাঁড়াবেন।

‎বিকাল ৫টায় তার নামাজের জানাজা হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

‎স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। 

এদিন সকালে বিমানবন্দরে মোশারফের মরদেহ গ্রহণের সময় সময় প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সখীপুরের এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় শামা ওবায়েদ বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের লাশ দ্রুততার সঙ্গে ফিরিয়ে আনা হচ্ছে।”