Image description

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ শনিবার (২১ মার্চ) সারাদেশে যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সকাল থেকেই রাজধানীসহ দেশের প্রতিটি ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজে শামিল হয়েছেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি।

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে। বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে এ জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। প্রায় এক লাখ মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন এই ঈদগাহে নারীদের নামাজের জন্য আছে পৃথক পর্দার ব্যবস্থা।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বরাবরের মতো এবারও পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে। সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এসব জামাতে মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, রাজধানী ঢাকায় এবার ছোট-বড় মিলিয়ে মোট ১ হাজার ৭৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ১২১টি ঈদগাহ এবং ১ হাজার ৫৯৯টি মসজিদ রয়েছে।

ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

ঈদের খুশি ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। নতুন জামাকাপড় পরে ছোটদের সেলামি আর বড়দের আশীর্বাদে মুখরিত প্রতিটি জনপদ। নাড়ির টানে ঢাকা ছাড়া অধিকাংশ মানুষ স্বজনদের সঙ্গে গ্রামের বাড়িতে উৎসব পালন করছেন। বিশেষ খাবারের আয়োজন আর একে অপরের বাড়িতে যাতায়াতের মাধ্যমে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

উল্লেখ্য, সৌদি আরবের সঙ্গে মিল রেখে গতকাল শুক্রবার (২০ মার্চ) পটুয়াখালী, চাঁদপুর, মাদারীপুরসহ দেশের কয়েকটি জেলার কিছু স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর