Image description

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং চাঁদাবাজি আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সার্বিকভাবে আমরা যা অনুধাবন করছি, এবারের ঈদে সারা দেশে চাঁদাবাজি কমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে আমরা যতটা দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, তার তুলনায় দেশবাসী অনেক বেশি স্বস্তিতে ও শান্তিতে ঈদ উদযাপন করতে পারছে।’

অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ অনেক বেশি শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুঃসংবাদ আমাদের কাছে আসেনি। তবে দুয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে লঞ্চ দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও দুঃখজনক।’

রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। আমরা দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার যে অঙ্গীকার নিয়ে আমরা কাজ করছি, তা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।’

ঈদের নামাজ শেষে মন্ত্রী স্থানীয় মুসল্লি ও উপস্থিত রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর