পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সীমান্তে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই শুভেচ্ছা বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর রিজিয়ন কমান্ডার ও ঠাকুরগাঁও সেক্টর কমান্ডারের পক্ষ থেকে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি, শিলিগুড়ি সেক্টরের কমান্ডার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য আলাদা আলাদা প্যাকেটে মিষ্টি পাঠানো হয়। এছাড়া ১৮, ১৭, ৪৬ এবং ১৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ও বিভিন্ন ক্যাম্পভিত্তিক সদস্যদের জন্য সর্বমোট ৪৬ প্যাকেট মিষ্টি বিএসএফ টহল দলের কাছে হস্তান্তর করে বিজিবির টহল দল।
১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও বিএসএফ সদস্যদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এই ধরনের উদ্যোগ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব আরও জোরদার করবে বলে বিজিবি কর্তৃপক্ষ আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রতি বছরই বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ ধরনের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা চালানো হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments