Image description

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সামনে খুব ভালো সময় নয়, বরং কঠিন সময় আসছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের বড় ক্ষতি করছে। সামনে তেলের দাম ও জিনিসপত্রের দাম আরও বেড়ে যেতে পারে। আমাদের এসব প্রতিকূলতা সয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

জ্বালানি সংকট নিয়ে চলা অস্থিরতা ও পাম্প ভাঙচুরের ঘটনার কড়া সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘যুদ্ধের কারণে তেলের সরবরাহ কম থাকতেই পারে, কিন্তু সেজন্য পাম্প ভাঙচুর করা মোটেও সমীচীন নয়। আমরা কোনোভাবেই মব মেনে নেব না। মব কালচার কঠোর হস্তে দমন করা হবে। গায়ের জোরে আইনের বাইরে কাউকে কোনো কাজ করতে দেওয়া হবে না।’

রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক, তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। সৎ পথে থেকে হালাল রুজি উপার্জনের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি এবং কাজ করেই জান্নাতে যেতে চাই।’

কৃষিখাত নিয়ে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঝড়-বৃষ্টিতে গম ও আলুর যে ক্ষতি হয়েছে তা আমরা বুঝি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কৃষিঋণ মওকুফ করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষকদের সহায়তায় ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে। সারা দেশে ২০ হাজার খাল খননের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’

মানবকণ্ঠ/ডিআর