Image description

দেশে চলমান জ্বালানি সংকটের মুখে পাম্প মালিকদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, সাময়িকভাবে কিছু পাম্প বন্ধ থাকলেও স্থায়ীভাবে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। 

সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এই তথ্য নিশ্চিত করেছেন।

সাজ্জাদুল করিম জানান, বর্তমানে তেলের যে পরিমাণ চাহিদা রয়েছে, ডিপোগুলো থেকে তার তিন ভাগের এক ভাগও সরবরাহ করা হচ্ছে না। 

তিনি বলেন, “যেখানে তেল মজুত আছে সেখানে পাম্প খোলা রাখা হয়েছে, আর যেখানে তেল নেই সেখানে সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে পাম্পগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে—এমন শঙ্কার কোনো কারণ নেই।”

এদিকে সোমবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে তেলের জন্য দীর্ঘ লাইন। অধিকাংশ পাম্পে সরবরাহ কম থাকায় গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তবে কিছু পাম্পে সরবরাহ স্বাভাবিক থাকায় সেখানে চাহিদা অনুযায়ী জ্বালানি বিক্রি হতে দেখা গেছে।

উল্লেখ্য, ঈদের আগেই সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করেছিল সরকার। নিয়ম অনুযায়ী জ্বালানি সরবরাহ ও বিক্রি স্বাভাবিক হওয়ার কথা থাকলেও মাঠ পর্যায়ে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম বলে অভিযোগ করেছেন পাম্প মালিক ও সাধারণ ক্রেতারা। সংকটের এই পরিস্থিতিতে দ্রুত সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/ডিআর