Image description

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

গতকাল সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বাঘারপাড়া উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও মাহমুদ হাসান জাকারিয়া জনির চার বছরের মেয়ে সেহেরিশ।

এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা আত্মীয়বাড়ি থেকে প্রাইভেট কারে যশোরের মণিরামপুরে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের গাইদঘাটে পৌঁছলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারালে একটি বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। 

ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, রাতেই মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।