গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। তার হাত-পা ও মুখমণ্ডল ঝলছে গেছে। ককটেল কিংবা হাতবোমা বানাতে গিয়ে তিনি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আহত মতিউর রহমানকে (২৫) গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ পাহারায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে।
সোমবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার নিজেদের বাড়িতে বসে ককটেল কিংবা হাতবোমা বানানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে ওই যুবক আহত হন।
আহত মতিউরের স্বজনেরা জানান, তার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে তিনি আতশবাজি বানানোর চেষ্টা করছিলেন। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙ্গুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় গোপালগঞ্জ সদর থানা পুলিশের দুইজন সদস্যসহ তাকে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অসিম কুমার ধর বলেন, তার ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি। এটি যে ধরনের ক্ষত হয়েছে তাতে মনে হয়েছে ককটেল বা হাতবোমা হবে।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। আহতকে চিকিৎসায় পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Comments