Image description

বিদেশগামী শিক্ষার্থীদের সুবিধার্থে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত শিক্ষার্থীদের ব্যাংক সলভেন্সি বা গ্যারান্টি সাপোর্টের সমস্যা দূর করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে সরকারপ্রধানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী জানান, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য গমনেচ্ছু শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এই ঋণ বিতরণের জন্য 'প্রবাসী কল্যাণ ব্যাংক'-কে বিশেষ দায়িত্ব (ডেডিকেটেড) দিতে বলেছেন তিনি।’

বৈঠকে ভাষাগত দক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বরাবরই তৃতীয় কোনো ভাষা শেখার বিষয়ে জোর দিয়েছেন। আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে বিদেশে গিয়ে অল্প বেতনের চাকরি করতে বাধ্য হয়। ভাষাগত দক্ষতা থাকলে তারা অনেক ভালো মানের কর্মসংস্থান ও উচ্চ বেতন নিশ্চিত করতে পারবে।’

শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় উঠে আসে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে বড় ধরনের শ্রমশক্তির প্রয়োজন হবে, যা বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। এছাড়া জাপানে এক লাখ লোক পাঠানোর এমওইউ ত্বরান্বিত করা এবং ইউরোপের বাজারে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। বর্তমানে অনেক ইউরোপীয় দেশের ভিসার জন্য শিক্ষার্থীদের ভারতে যেতে হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যেন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে বাংলাদেশে তাদের কনস্যুলার সেবা বা অফিস নিশ্চিত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর