Image description

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া গুরুত্বপূর্ণ ৪০টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট সুরক্ষা ও দায় নির্ধারণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যাদেশ নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ করা হয়।

কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সভায় প্রশাসনিক ও জনগুরুত্বপূর্ণ বেশ কিছু মৌলিক অধ্যাদেশ নিয়ে নিবিড় আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬; গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫; পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ এবং দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।

এছাড়া সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪; জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ এবং সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, কমিটি আলোচ্য অধ্যাদেশগুলোর প্রয়োজনীয়তা, আইনি ভিত্তি ও যথার্থতা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করবে। এই প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে পেশ করা হবে। অবশিষ্ট অধ্যাদেশগুলো নিয়ে কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপি, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি উপস্থিত ছিলেন। এ ছাড়া আরও অংশ নেন ড. মুহাম্মদ ওসমান ফারুক এমপি, এ. এম. মাহবুব উদ্দিন এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, মুহাম্মদ নওশাদ জমির এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মানবকণ্ঠ/ডিআর