মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে ‘সবুজ সংকেত’ পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শামা ওবায়েদ জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা সামাল দিতে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা জ্বালানি সরবরাহের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের ফেরত আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ভারতে যারা পালিয়ে আছেন, তাদের ফেরত আনার বিষয়ে আমরা ইতোমধ্যে সেদেশের হাইকমিশনারের সঙ্গে কথা বলেছি। এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং আমরা এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছি।”
এছাড়া, ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনের বিষয়ে তিনি বলেন, “তাদের জিজ্ঞাসাবাদের জন্য আমরা এখনো কনস্যুলার অ্যাক্সেস পাইনি। তবে খুব দ্রুতই ভারত সরকার এই অ্যাক্সেস দেবে বলে আমরা আশা করছি। এই খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।”
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে শামা ওবায়েদ জানান, ইরানে অবস্থানরত প্রায় ২ হাজার বাংলাদেশি বর্তমানে নিরাপদে আছেন। আমাদের মিশনগুলো তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। যদি কেউ দেশে ফিরতে চান, তবে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
ব্রিফিংয়ের শেষ পর্যায়ে তিনি ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতির বিষয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে সংঘটিত বর্বরোচিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বর্তমান সরকার জোরালোভাবে কাজ শুরু করেছে। বৈশ্বিক পর্যায়ে এই স্বীকৃতির দাবি তুলে ধরতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments