আগামীকাল ২৫ মার্চ (বুধবার) গণহত্যা দিবসে ১ মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে না। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে মঙ্গলবার রাতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানায় মন্ত্রণালয়। তবে ঠিক কী কারণে এই কর্মসূচি বাতিল করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত গণহত্যা চালায়। সেই ভয়াবহ স্মৃতি স্মরণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২৫ মার্চ রাতে ১ মিনিট প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালনের কর্মসূচি চালু করা হয়েছিল।
মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ২৫ মার্চ কালরাতে দেশজুড়ে কোনো প্রতীকী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বা ব্ল্যাক আউট কর্মসূচি থাকছে না।
মানবকণ্ঠ/ডিআর




Comments