Image description

জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী যোদ্ধাদের সর্বসম্মতভাবে রাজক্ষমা বা দায়মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৫ মার্চ) বর্তমান সরকারের এক মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন। মন্ত্রী জানান, আগামী সংসদ অধিবেশনেই এ সংক্রান্ত আইন পাস করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, "সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া ওয়াদা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মাথায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে। দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারকে পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আনা হবে।"

কৃষকদের কল্যাণে নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, আগামী ১লা বৈশাখ টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক এই সুবিধা পাবেন। এছাড়া ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

সরকারের কৃচ্ছ্রসাধন ও ভিআইপি সংস্কৃতি ত্যাগের বিষয়ে মন্ত্রী জানান, এখন থেকে সংসদ সদস্যরা কোনো শুল্কমুক্ত গাড়ি বা প্লট সুবিধা নেবেন না। এমনকি প্রধানমন্ত্রীর নিরাপত্তার নামে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টিকারী বিশাল প্রটোকল বহরও বাতিল করা হয়েছে।

জনস্বাস্থ্য ও কর্মসংস্থান প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার ৮০ শতাংশই হবে নারী। পাশাপাশি সাধারণ মানুষের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর পরিকল্পনা করছে সরকার। তিনি আরও জানান, এবারের ঈদে গার্মেন্টস খাতে বেতন-বোনাস নিয়ে কোনো অসন্তোষ হয়নি; সরকার এ খাতে ২৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে সময়মতো পাওনা পরিশোধ নিশ্চিত করেছে।

প্রবাসী ও জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে সরকারি খরচে চার শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই এবং আপাতত তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তাই জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি মজুদ না করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালু এবং বড় বিমানবন্দরগুলোতে ফ্রি ইন্টারনেট সেবা প্রদানের তথ্যও জানান তথ্যমন্ত্রী। তিনি ঘোষণা দেন, এখন থেকে প্রতি মাসে জাতির সামনে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হবে।

মানবকণ্ঠ/ডিআর