Image description

দেশে এই মুহূর্তে কোনো জ্বালানি সংকট নেই এবং তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনাও সরকারের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে বর্তমান সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও কিছু কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। তবে সরকারের দূরদর্শী পদক্ষেপের কারণে দেশে এখন পর্যন্ত জ্বালানি তেলের কোনো ঘাটতি তৈরি হয়নি। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, "জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই।"

জহির উদ্দিন স্বপন আরও জানান, পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে তেলের মূল্যের একটি উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "জনগণকে অনুরোধ করব আপনারা আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কিনবেন না। বাজারে সরবরাহ পর্যাপ্ত ও স্বাভাবিক রয়েছে।"

সরকারের এক মাসের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে গিয়ে মন্ত্রী আরও জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সজাগ রয়েছে এবং পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর