জিয়াউর রহমানই স্বাধীনতার প্রথম ঘোষক, পরে দেন মুজিবের নামে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৯৭১ সালে তৎকালীন মেজর জিয়াউর রহমানই প্রথম চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, জিয়াউর রহমান প্রথমে ঘোষণা দেওয়ার পর দ্বিতীয়বার শেখ মুজিবুর রহমানের নামে এই ঘোষণাটি প্রচার করেন এবং এটাই বাংলাদেশের স্বাধীনতার ‘সঠিক ইতিহাস’।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই তিনি সেখানে উপস্থিত হন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘২৫ মার্চ রাতে রাজারবাগে পাকিস্তানি হানাদার বাহিনী হামলা না করলে স্বাধীনতার ঘোষণা হয়ত আরও কয়েকদিন পরে হতো। রাজারবাগে হামলা হওয়ার পরই মেজর জিয়াউর রহমান প্রথমে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করেন। এরপর তিনি দ্বিতীয়বার মরহুম নেতা শেখ মুজিবুর রহমানের নামে এই ঘোষণাটি দেন।’
তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রকৃত সূচনা হয়েছিল এই রাজারবাগ থেকেই। পুলিশ বাহিনীকে আধুনিকীকরণের বিষয়ে তিনি জানান, পুলিশ সংস্কারের ক্ষেত্রে উন্নত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে মতবিনিময় ও সহায়তা চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে বলেন, ‘হত্যাকারীকে আইন অনুযায়ী দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হবে।’
শহীদ পুলিশ সদস্যদের স্মরণে আয়োজিত এই কর্মসূচিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments