Image description

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে রাজার পাঠানো এই অভিনন্দন বার্তার কথা জানিয়েছে।

রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে রাজা চার্লস বলেন, “আপনাদের জাতীয় দিবসের এই আনন্দময় মুহূর্তে আমি এবং আমার স্ত্রী (রানি ক্যামিলা) আপনাকে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে আমাদের দুই দেশের মধ্যকার সেই চিরস্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করছি, যা কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।”

ব্রিটেনের রাজা তাঁর বার্তায় যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, “যুক্তরাজ্যজুড়ে ৬ লাখ ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন, যারা আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং আমাদের দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করছেন।”

বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে রাজা চার্লস বলেন, “বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে আমাদের সম্মিলিত শক্তি ও ঐক্য আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কমনওয়েলথ পরিবার বিশ্বজুড়ে যে বোঝাপড়া ও সহযোগিতার পরিবেশ তৈরি করে, তার জন্য আমি গর্বিত।” তিনি আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে দেশগুলোর একত্রিত হওয়ার সুযোগের জন্য উন্মুখ হয়ে আছেন বলেও জানান।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে রাজা বলেন, “জলবায়ু কার্যক্রমে আমাদের সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্কের একটি অপরিহার্য বৈশিষ্ট্য। স্থিতিস্থাপকতা তৈরি ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় নেতৃত্বের আমি অত্যন্ত প্রশংসা করি।”

বার্তার শেষে রাজা চার্লস রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আগামী বছরটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হোক—এই কামনা করে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান।

মানবকণ্ঠ/আরআই