মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন জাইমা রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রী ও জাইমা রহমান স্টেডিয়ামে পৌঁছালে ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধিরা তাঁদের স্বাগত জানান। তাঁদের উপস্থিতিতে গ্যালারিতে থাকা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এর আগে, দীর্ঘ দেড় যুগ পর স্বাধীনতা দিবসে রাজধানীতে সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও দেশের সামরিক সক্ষমতা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকায় অবস্থিত জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ শুরু হয়।
সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানগণ। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments