Image description

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, "আমাদের প্রধান ঘোষণা হলো—সবার আগে বাংলাদেশ। আমরা কোনো প্রভুত্বে নয়, বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করি। বাংলাদেশের সাধারণ মানুষই আমাদের রাজনীতির মূল শক্তি।"

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক সরকারের সমালোচনা করে ভূমিমন্ত্রী বলেন, "হাসিনা আমলে হেলমেট বাহিনী দিয়ে বিএনপির ওপর ভয়াবহ নির্যাতন চালানো হতো। সেই ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন সেই হেলমেট বাহিনীর ভেতর থেকেই একটি 'গুপ্ত বাহিনী' বের হয়ে এসেছে। এই গুপ্ত বাহিনীই বর্তমানে দেশে 'মব' বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।"

তিনি আরও বলেন, "স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক বেশি কঠিন। আমাদের প্রধানমন্ত্রী ও সরকার বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করছে। বিএনপি কোনো মন্ত্রী, এমপি বা মেয়রের দল নয়, এটি তৃণমূল কর্মীদের দল। কর্মীরাই এই দলের প্রাণ।"

দখলদারিত্বের রাজনীতির বিরোধিতা করে মিজানুর রহমান মিনু বলেন, "ভূমিমন্ত্রী হিসেবে আমি চাইলেই সরকারি খাস জমি দখল করে দলীয় অফিস বানাতে পারি। কিন্তু বিএনপি এমন অনৈতিক কাজ করবে না। আমরা নিয়মতান্ত্রিকভাবে মহাসচিবের নামে জায়গা কিনে সেখানে কার্যালয় স্থাপন করব।"

রাজশাহী জেলা বিএনপির এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। এছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর