Image description

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসএস) ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এবার প্রথমবারের মতো পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে এই সংক্রান্ত ১১ দফার একটি বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে সরকার।

নির্দেশনার ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিচে তুলে ধরা হলো:

১. প্রতিটি পরীক্ষা কেন্দ্র এবং কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।

২. অচল বা অকেজো সিসিটিভি ক্যামেরাগুলো পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে।

৩. ধারণকৃত সকল ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।

৪. প্রতিটি কক্ষে বাধ্যতামূলকভাবে এনালগ বা কাঁটাওয়ালা ঘড়ি টাঙাতে হবে।

৫. স্থানীয় প্রশাসনের সহায়তায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন নিশ্চিত করতে হবে।

৬. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো শিক্ষক বা শিক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

৭. পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নিবিড়ভাবে দেহ তল্লাশি করতে হবে। ছাত্রীদের ক্ষেত্রে নারী শিক্ষক দ্বারা তল্লাশি নিশ্চিত করতে হবে।

৮. কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাবলী সম্বলিত বোর্ড টাঙাতে হবে।

৯. পরীক্ষা কক্ষে পর্যাপ্ত আলো-বাতাস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

১০. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের দেওয়া সকল নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

১১. নির্দেশ পালনে কোনো প্রকার অবহেলা বা গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে এবার এসএসসি পরীক্ষায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/আরআই