Image description

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসে বরিশাল বিভাগজুড়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৭ শিশু। একই সময়ে বিভাগজুড়ে ২০৬ শিশুর দেহে অত্যন্ত সংক্রামক হামের ভাইরাস শনাক্ত করা হয়েছে। বর্তমানে বিভাগের সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ৭৭ শিশু।

হামে আক্রান্ত ও মৃত্যুর অধিকাংশ ঘটনাই সম্প্রতি ঘটেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।

এদিকে বরিশাল বিভাগের ভোলা জেলায় হামের টিকার সংকট থাকলেও অন্য ৫ জেলায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

তথ্যমতে, বরিশাল বিভাগের বাসিন্দাদের চিকিৎসার ভরসাস্থল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে এই তিন মাসে ১৩০ জন হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। মোট আক্রান্তের মধ্যে শুধু মার্চ মাসেই আক্রান্ত হয়েছে ৮৯ জন।

সোমবার দুপুরে এ হাসপাতালে ৩৪ জন হাম আক্রান্ত রোগীকে চিকিৎসাধীন দেখা গেছে। 

শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, শিশুদের হামের টিকা ৯ মাস বয়সে দেওয়া হয়। কিন্তু বর্তমানে ৭ মাস বয়সের শিশুদেরও এ রোগে আক্রান্ত হতে দেখছি। হাসপাতালে হামের টিকা পর্যাপ্ত রয়েছে। ওয়ার্ডটিতে বেড সংকট ছিল, তা সমাধান করা হয়েছে। তারা সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।