Image description

দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের মজুদ রয়েছে এবং কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।

তিনি জানান, বর্তমানে দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন জ্বালানি তেল মজুদ আছে। এর মধ্যে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন জেট ফুয়েল রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) হিসাব অনুযায়ী, এই মজুদ দিয়ে আগামী ১৫ থেকে ১৬ দিনের চাহিদা অনায়াসেই মেটানো সম্ভব। এছাড়া এই সময়ের মধ্যে জ্বালানি তেলবাহী আরও বেশ কয়েকটি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে, যা নিয়মিত সরবরাহ নিশ্চিত করবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জ্বালানি তেলের অবৈধ মজুতদারী রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। গত ৩ মার্চ থেকে দেশজুড়ে মোট ৩ হাজার ৫৫৯টি বিশেষ অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে মোট ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার অবৈধভাবে মজুত করা তেল উদ্ধার করা হয়েছে (ডিজেল ২,০৭,৩৬৫ লিটার; অকটেন ২৮,৯৩৮ লিটার এবং পেট্রল ৬০,০০২ লিটার)। অভিযানে এ পর্যন্ত ১ হাজার ২৪৪টি মামলা দায়েরের পাশাপাশি মোট ৮৪ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জ্বালানি বিভাগ আশ্বস্ত করেছে যে, নিয়মিত সরবরাহ ও মজুদের বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

মানবকণ্ঠ/আরআই