Image description

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরিচালনার পদ্ধতিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাস হবে, যার মধ্যে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সশরীরে (অফলাইনে) ক্লাস নেওয়া হবে। মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি সাশ্রয়ে স্কুল-কলেজগুলোতে জোড়-বিজোড় দিনের ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয় করা হবে। তবে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অবশ্যই সশরীরে নিতে হবে। এছাড়া অফলাইন ক্লাসের দিনগুলোতে শিক্ষকদের সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করতে হবে।

ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা বোর্ড কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা উঠে আসে। তবে এই নিয়মটি কি সারা দেশে কার্যকর হবে নাকি শুধু বিভাগীয় শহরগুলোতে সীমাবদ্ধ থাকবে, তা নিয়ে এখনও বিশদ আলোচনা চলছে। এ বিষয়ে চূড়ান্ত রূপরেখা নির্ধারণে বুধবার (১ এপ্রিল) এক জরুরি সভা ডাকা হয়েছে। ওই সভার পর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনে এই সিদ্ধান্তে আরও পরিমার্জন করা হতে পারে। মূলত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করে শিক্ষা কার্যক্রম সচল রাখাই এই নতুন পরিকল্পনার মূল লক্ষ্য।

মানবকণ্ঠ/আরআই