Image description

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী রোববার থেকে সারাদেশে এই জরুরি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের প্রকোপ নিয়ন্ত্রণে আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে ইউনিসেফ থেকে প্রাপ্ত ১৯ লাখ টিকা মাঠ পর্যায়ে বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, যেসব উপজেলায় হামের প্রকোপ বেশি দেখা দিয়েছে, সেখানে আগামী দুই দিনের মধ্যে টিকা সরবরাহ নিশ্চিত করা হবে। রোববার সকাল থেকেই এসব এলাকায় পুরোদমে টিকাদান শুরু হবে। জরুরি এই পরিস্থিতি মোকাবিলায় মাঠ পর্যায়ের সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে এবং তাদের কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুততম সময়ের মধ্যে টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে শিশুদের টিকা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই