Image description

বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিন ফুরিয়ে এসেছে এবং বর্তমানে বিশ্বে তাদের আর কোনো আধিপত্য নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কড়া বার্তা দেন।

রাষ্ট্রদূত জাহনাবাদি বলেন, ‘আমেরিকা ও ইসরায়েলের এখন বোঝা উচিত যে, বিশ্বে এখন আর তাদের সেই আগের প্রভাব নেই। আসলে তাদের প্রতি বিশ্বের আর কোনো ভ্রুক্ষেপ নেই।’ পারস্য উপসাগর থেকে যুক্তরাষ্ট্র কার্যত পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।

হরমুজ প্রণালির বর্তমান চিত্র তুলে ধরে ইরানি রাষ্ট্রদূত জানান, আগে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে ১৩০টি জাহাজ চলাচল করতো, যা এখন মাত্র ১২টিতে নেমে এসেছে। তিনি বলেন, ‘বর্তমানে প্রতিটি জাহাজকে ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করতে হচ্ছে। শত শত জাহাজ এখন পারস্য উপসাগরে লাইনে দাঁড়িয়ে অনুমতির অপেক্ষা করছে।’

জ্বালানি সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আগে প্রতিদিন ১১ মিলিয়ন ব্যারেল জ্বালানি এই পথ দিয়ে রপ্তানি হতো, যা এখন অনেক কমেছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট এখন বলছেন, যারা এই পথ দিয়ে তেল নিতে চায় তারা যেন নিজ দায়িত্বে নেয়। আমেরিকা আর কোনো নিরাপত্তা দিতে পারবে না। এই পরিস্থিতির জন্য তারাই দায়ী।’

রাষ্ট্রদূত আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প নিজেকে একতরফাভাবে বিজয়ী ঘোষণা করার সুযোগ খুঁজছেন, কিন্তু বাস্তবে তারা ইরানের রাষ্ট্র ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে পারেনি। জ্যামাইকা চুক্তির কথা উল্লেখ করে তিনি হুশিয়ারি দেন যে, ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। এ বিষয়ে ইরানের সরকার ও পার্লামেন্ট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং তারা এই অঞ্চলে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য বজায় রাখবে।

মানবকণ্ঠ/আরআই