দেশের মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। এবার রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুর—এই চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বের জেলা প্রশাসকদের সরিয়ে তাদের চাকরি পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সরিয়ে নেওয়া কর্মকর্তারা হলেন—পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের মিজ্ ইসরাত ফারজানা, রংপুরের মোহাম্মদ এনামুল আহসান এবং রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ্ সুলতানা আক্তার।
একই সঙ্গে জনস্বার্থে নতুন চারজন কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরিচালক (উপসচিব) মিজ্ আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর থেকেই প্রশাসনে সংস্কার ও রদবদল অব্যাহত রয়েছে। এর মাত্র একদিন আগে গত মঙ্গলবার (৩১ মার্চ) দেশের ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মানবকণ্ঠ/আরআই




Comments