Image description

দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। এখন পর্যন্ত রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এই তথ্য জানান।

সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহায়তায় ল্যাবরেটরিতে ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৫টি নমুনায় মৃত্যুর সঙ্গে হামের সংক্রমণের সরাসরি যোগসূত্র পাওয়া গেছে। বিশেষ করে রাজশাহী অঞ্চলে মৃত্যুর ঘটনা বেশি হওয়ায় সেখানে বিশেষ নজরদারি ও জরুরি ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে হামের রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। তবে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে যেসব শিশু এখনো হামের টিকার আওতায় আসেনি কিংবা নির্ধারিত ডোজ সম্পন্ন করেনি, তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। এ ছাড়া অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এই সংক্রমণ দ্রুত প্রাণঘাতী হয়ে উঠছে।

স্বাস্থ্য বিভাগ থেকে সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং শিশুদের দ্রুত টিকার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। সংক্রমণের বিস্তার রোধে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের তৎপরতা বাড়ানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই