বাংলাদেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ২০২৩ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিপুল পদ ফাঁকা।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী দেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। এছাড়া মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা/কর্মচারী কর্মরত রয়েছেন। আজ বুধবার সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্ট ২০২৪ মোতাবেক সকল মন্ত্রণালয় ও সরকারি অফিসসমূহের শ্রেণি-ওয়ারি কর্মরত কর্মচারীর সংখ্যা এবং শূন্যপদের সংখ্যা নিম্নরূপ- কর্মরত প্রথম শ্রেণির কর্মকর্তা/কর্মচারী ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন। প্রথম শ্রেণির শূন্য পদ ৬৮ হাজার ৮৮৪টি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও জানান, দ্বিতীয় শ্রেণির কর্মরত কর্মকর্তা/কর্মচারী ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন। দ্বিতীয় শ্রেণির শূন্যপদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। তৃতীয় শ্রেণির কর্মরত কর্মকর্তা/কর্মচারী ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন। তৃতীয় শ্রেণির শূন্য পদ ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণির কর্মরত কর্মকর্তা/কর্মচারী ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন। চতুর্থ শ্রেণির শূন্যপদ ১ লাখ ১৫ হাজার ২৩৫টি।
এছাড়া অন্যান্য পদে কর্মরত কর্মকর্তা/কর্মচারী ৭ হাজার ৯৮০ জন। শূন্য পদ ৮ হাজার ১৩৬টি।




Comments