Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে একাধিক বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে। এর মধ্যে কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশনের নিকটবর্তী এলাকায় হঠাৎ লাইনচ্যুত হয়। এতে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।