সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে চলমান উদ্বেগের মাঝে আশার বাণী শুনিয়েছে সরকার। আগামী এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে নিশ্চিত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
যুগ্ম সচিব জানান, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ অন্তত এপ্রিল মাস পর্যন্ত জ্বালানি নিয়ে নিরাপদ অবস্থানে রয়েছে। তিনি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বলেন, সম্প্রতি ইরান হরমুজ প্রণালি দিয়ে যে ৬টি জাহাজ ছেড়েছে, তার মধ্যে একটিতে বাংলাদেশের জন্য অপরিশোধিত তেল রয়েছে। ওই জাহাজটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারিতে তেলের মজুত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এবং কোনো ধরনের সংকট থাকবে না।
সংবাদ সম্মেলনে মনির হোসেন চৌধুরী সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে তেল মজুদের প্রবণতা পরিহার করার আহ্বান জানান। তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিটি নাগরিকের উচিত ব্যক্তিগত পর্যায়ে জ্বালানি সাশ্রয় করে দেশ ও জাতিকে সহযোগিতা করা। সরকার জনগণের ভোগান্তির কথা চিন্তা করেই এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ায়নি।”
জ্বালানি বিভাগের এই আশ্বাসের ফলে বাজারে বিদ্যমান অস্থিরতা কমবে বলে আশা করা হচ্ছে। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments