মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যেই রাষ্ট্রীয় সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা রেমিট্যান্স যোদ্ধা এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে যেসব প্রবাসী বাংলাদেশি নতুন ভিসা কিংবা পুরনো ভিসার মেয়াদ নিয়ে জটিলতায় পড়েছেন, তাদের সমস্যা সমাধানের জন্য সরকার আন্তর্জাতিক পর্যায়ে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
তিনি আরও বলেন, এই যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা যেন প্রবাসে নিরাপদে জীবনযাপন ও কাজ করতে পারেন, তার জন্য সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় স্থানীয় দূতাবাসগুলো সবসময় সতর্ক ও সক্রিয় রয়েছে।
মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নিহত তারেকের স্বজনদের হাতে তাৎক্ষণিক সহায়তার চেক তুলে দেওয়ার পাশাপাশি তিনি পরিবারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করে জানান, নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা এবং বিমার ১০ লাখ টাকা প্রদান করা হবে। পাশাপাশি নিহতের এলাকার সংসদ সদস্যের সাথে সমন্বয় করে পরিবারটিকে দীর্ঘমেয়াদি সহায়তার আশ্বাস দেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. এ.টি.এম. মাহবুব-উল করিম।




Comments